নিরাপত্তা নির্দেশিকা
একজন অচেনা মানুষ আপনার বাসায় আসবেন, আপনার সন্তানকে পড়াবেন। আমরা যা যাচাই করি সেটা নিচে লেখা আছে, আর আপনার নিজের যা দেখা দরকার সেটাও।
আমরা যা করি
প্রতিটি শিক্ষকের পরিচয়পত্র আর শিক্ষাগত কাগজ আমরা নিজের চোখে দেখি। বোর্ডের রোল আর রেজিস্ট্রেশন দিয়ে ফল মিলিয়ে দেখি, নামটা কাগজের নামের সাথে মেলে কিনা।
কওমি ধারায় সনদ বাধ্যতামূলক নয়, কারণ অনেকের কাছে থাকে না। সেখানে যাচাই হয় ফোনে কথা বলে - মাদ্রাসা, মারহালা, উস্তাদের নাম ধরে।
প্রতিটি শিক্ষকের নিজের অভিভাবকের নাম আর নম্বর আমাদের কাছে থাকে। কোনো সমস্যা হলে একজন দায়িত্বশীল মানুষকে পাওয়া যায়।
মোবাইল নম্বর দিয়ে একজন মানুষ চেনা হয়। কাউকে বাদ দিলে তিনি নতুন ইমেইলে ফিরতে পারেন না, কারণ একটি নম্বর একবারই ব্যবহার করা যায়।
আমরা যা করি না
আপনার নাম, নম্বর আর আসল ঠিকানা কোথাও প্রকাশ করি না। পোস্টে শুধু থানা পর্যন্ত দেখায়।
শিক্ষকের নম্বর আপনাকে দেওয়া হয় শুধু চূড়ান্ত হওয়ার পর, আর শুধু যিনি রাজি হয়েছেন তাঁরটা। বাকিরা জানতেও পারেন না।
আমরা পুলিশ ভেরিফিকেশন করি না। বাংলাদেশে সেটা করার সুযোগ আমাদের নেই। কাগজ আর ফোনে যাচাই যতটুকু বলে, ততটুকুই বলি।
প্রথম দিন যা করবেন
প্রথম ক্লাসটা বাসাতেই হোক, আর ঘরে বড় কেউ থাকুন। দরজা খোলা রাখুন।
শিক্ষকের আসল পরিচয়পত্রটা নিজের চোখে দেখুন। ছবি, নাম আর মুখ - তিনটা মেলান।
বেতন মাসের শুরুতে নয়, শেষে দিন। আগাম টাকা কেউ চাইলে আমাদের জানান।
সন্তানের সাথে একা ঘরে দরজা বন্ধ করে পড়ানোর দরকার নেই। পড়ার জায়গাটা এমন হোক যেখানে চোখ পড়ে।
কয়েক দিন পর সন্তানকে আলাদা করে জিজ্ঞেস করুন সে কেমন বোধ করছে। ছোটরা নিজে থেকে বলে না।
শিক্ষকদের জন্য
অচেনা ঠিকানায় প্রথম দিন যাওয়ার আগে বাসার কাউকে জায়গাটা জানিয়ে যান।
কেউ আগাম টাকা, কাগজের মূল কপি, বা ব্যক্তিগত ছবি চাইলে দেবেন না। আমরা এসব কখনো চাই না।
বেতন নিয়ে কথা শুরুতেই পরিষ্কার করে নিন - কত, কবে, কীভাবে।
সমস্যা হলে
অস্বস্তিকর কিছু হলে, বা কেউ আমাদের নাম করে টাকা চাইলে - সাথে সাথে আমাদের জানান। নাম গোপন রাখা হবে।
জরুরি অবস্থায় আগে ৯৯৯, তারপর আমরা। কারও তাৎক্ষণিক বিপদ হলে আমাদের ফোনের অপেক্ষা করবেন না।
আরও দেখুন: কীভাবে কাজ করে · গোপনীয়তার নীতি · শর্তাবলি